ফ্রান্সের বোর্দোতে মেয়েদের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য: রৌপ্য ও ব্রোঞ্জ অর্জন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান গার্লস ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াড (ইজিএমও)-এর ১৫তম আসরে বাংলাদেশ দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে। 

বাংলাদেশ দলের মনামী জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে সাজি সেহনাই ১৬ নম্বর পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। দলগতভাবে বাংলাদেশের মোট স্কোর দাঁড়ায় ৪৫, যার ভিত্তিতে সামগ্রিক অবস্থানে ৩৪তম স্থান অধিকার করে দলটি। 

দলের অন্য সদস্য কৃতিকা চক্রবর্তী ও নাহিয়ান পারিন ইফাও সম্ভাবনাময় পারফরম্যান্স দেখিয়েছেন, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশা জাগায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড বর্তমানে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। ২০১২ সালে মাত্র ১৯টি দেশ নিয়ে যাত্রা শুরু হলেও এখন এতে প্রায় ৬০টি দেশ অংশগ্রহণ করে এবং প্রতিযোগীর সংখ্যা ২৫০-এর বেশি।

ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিক্যাল অলিম্পিয়াড থেকে অনুপ্রাণিত হয়ে চালু হওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো গণিতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং তাদের প্রতিভা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। বৈশ্বিক পরিসরে এখনো মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এই আয়োজন সেই ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৬ সালের এই আসরটি ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। আয়োজন করে অ্যানিম্যাথ এবং ইউনিভার্সিটি অব বোর্দো  দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফ্রান্স আবার বড় পরিসরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন করল। বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশের অর্জন দেশের গণিতচর্চা ও নারী শিক্ষার্থীদের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত