জমি সংক্রান্ত দ্বন্দে একই পরিবারের ৪ জনকে হত্যা: গ্রেপ্তার ৩ 

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত জেরে একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হত্যার দায় স্বীকার করেছে।

হত্যার ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিহত পপি খাতুনের বাবা মোয়াজ্জেম হোসেন অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বুধবার (২২এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জানান, একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন, বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা ও শাহিন মন্ডল এবং ভগ্নিপতি শহিদুল মন্ডলকে হেফাজতে নেওয়া হয়। হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকায় নিহত হাবিবুর রহমানের বোনের ছেলে (ভাগিনা) সবুজ রানা, শাহিন মন্ডল এবং বোনের জামাই (ভগ্নিপতি) শহিদুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সবুজ রানা ও শাহিন মন্ডল হত্যার দায় স্বীকার করেছে। নমির উদ্দিনের ১ ছেলে ৫ মেয়ে। নমির উদ্দিন তার ৫ মেয়েদের আড়াই বিঘা করে ও ছেলে হাবিবুর রহমানকে ১৩ বিঘা জমি লিখে দেন। এরপর থেকেই নিহত হাবিবুর রহমানের সাথে তার বোনদের বিরোধ সৃষ্টি হয়। 

পুলিশ সুপার জানান, গত সোমবার (২০ এপ্রিল) নিহত হাবিবুর ও তার ভাগনে সবুজ রানা গরু কেনার জন্য হাটে যায়। গরু পছন্দ না হওয়ায় তারা বাড়িতে ফিরে আসে। তারপর রাত ৮ টার দিকে নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা, হাবিবুর তার স্ত্রী পপি খাতুন তাদের ২ সন্তান ও হাবিবুরের বাবাসহ সবাই মিলে তার বাড়িতেই রাতে খাওয়া-দাওয়া করে।

এরপর শাহিন মন্ডল ও সবুজ রানা মিলে একটি মাঠের মধ্যে পরিকল্পনা করে রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন তারা আবার হাবিবুর রহমানের বাড়িতে আসবে। হত্যার পরিকল্পনা শেষে শাহিন মন্ডল আবার হাবিবুরের বাসায় চলে আসে। এরপর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে তখন শাহিন মন্ডল সবুজ রানাকে খবর দিলে রাত দেড় টার দিকে ৫-৬ জন বাড়ির ভেতরে ঠুকে প্রথমে তারা হাবিবুর রহমানকে জবাই করে হত্যা করে। এরপর পপি খাতেুনকে হত্যা করে। এরপর উত্তরাধীকার বিনষ্ট করা জন্য হাবিবুরের ছেলে ও মেয়েকে জবাই করে হত্যা করে। সকলকে হত্যা নিশ্চিত করে সবাই চলে যায়। যাবার সময় সবুজ রানা শাহিন মন্ডলের বাসার সামনের জঙ্গলে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া ও চাকু ফেলে দেয়। এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশ সুপার ।  

উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সোমবার দিবাগত মধ্যরাতে একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা করা হয়। নিহতরা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৬) এবং তার ছেলে পারভেজ হোসেন (১২) ও মেয়ে সাদিয় আক্তার (৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত