চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়িতে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বুধবার (২২ এপ্রিল) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি পাহাড়ি স্থানে, যা লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বন কর্মকর্তা মো. কামরুল হাসান।
নিহত মো. শাহ আলম একই ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়েরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজহার মিয়ার ছেলে।
পুলিশ ও বন বিভাগের সূত্রে জানা যায়, শাহ আলম স্থানীয় একজন কৃষক। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় তাঁর ধানক্ষেত রয়েছে। গত রোববার সকালে তিনি ধানক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। টানা দুই দিন খোঁজাখুঁজির পর বুধবার স্থানীয় লোকজন পাহাড়ি এলাকায় গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তাপে পুড়ছে ২৭ জেলা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর