জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে ‘মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে ২৮ এপ্রিল। চলবে আগামী ১ মে পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিন মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘অশ্বথামা’,তৃতীয় দিন ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ‘মধ্যরাতের কবিতা ও গান’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। শেষ দিন ১ মে জহির রায়হান মিলনায়তনের ৩ নম্বর কক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের উৎসবে জাহাঙ্গীরনগর থিয়েটার পদক (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন অরুণ কুমার বসাক। এছাড়া আলোক কুমার রায় পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মহসিনা আক্তার।
আয়োজক জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক প্রিয়া সাহা বলেন, মানুষ দিন দিন বেশি হতাশ ও বিষাদগ্রস্ত হয়ে উঠছে এবং নিজের জীবনে আনন্দ খুঁজে পাচ্ছে না। আমরা যেন সবসময় আরও কিছু পাওয়ার প্রত্যাশায় থাকি, আর জীবনে জটিলতা বাড়তেই থাকে। সহজভাবে, সরলভাবে কিছু ভাবার প্রবণতা কমে যাচ্ছে। একটি শিশু স্বভাবতই নিষ্পাপ এবং তার জীবনে জটিলতা থাকে না। সে সহজভাবে আনন্দ নিয়ে জীবন কাটায়। মানুষের জীবনে শৈশবই সম্ভবত সবচেয়ে আনন্দের সময়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশা ও চাপ আমাদের জীবনবিমুখ করে তোলে।
তিনি বলেন, বিষাদ বা দুঃখ মানবজীবনের স্বাভাবিক অনুভূতি হলেও, তা যেন আমাদের জীবনকে পুরোপুরি গ্রাস না করে। আমরা চাই মানুষ জীবনকে সহজ, সরল ও প্রাণবন্তভাবে দেখুক। জীবনকে জটিল না করে সহজভাবে বাঁচার আহ্বান থেকেই এবারের স্লোগান‘মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’।
নাটকের আয়োজন ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটারের সদস্য কনিষ্ক মাঝির স্মরণে আগামী ৩০ এপ্রিল মধ্যরাতে কবিতা ও গানের বিশেষ পরিবেশনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এই আয়োজক।
