এখনো গানের চর্চা করি : হিমি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ এএম

ছোট পর্দার এই প্রজন্মের তুমুল ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শক তাকে মডেল-অভিনেত্রী হিসেবে জানলেও তার আরও কিছু প্রতিভার কথা জানা নেই অনেকের। এই শিল্পী একসময় রাজধানীর গেন্ডারিয়ার কচিকাঁচায় গান, নাচ এবং আবৃত্তি শিখতেন। তখন থেকেই মূলত মিডিয়াতে কাজ করার প্রতি প্রবল আগ্রহ বেড়ে যায়। তবে অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও সম্পৃক্ততা আছে তার। প্রথমবার পেশাদার গায়িকা হিসেবে কণ্ঠ দেন ‘পরাণ পাখি’ নামের একটি নাটকের, পরের বার ম্যাগাজিন ‘ইত্যাদি’র জন্য। হিমির কণ্ঠে গান শুনে অনেকটা বিস্ময় প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। সর্বশেষ গেল ভালোবাসা দিবসে প্রকাশিত হয় ‘দুজন দুজনার’ শিরোনামে গান। মৌলিক তিনটি গান দিয়েই হিমি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।

এই ঘটনা তিন বছর আগের হলেও এখনো নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছেন বলে জানান হিমি। তিনি জানান, কচিকাঁচার পাশাপাশি ছায়ানটেও গান শিখেছেন তিনি। সাধনা মিত্রের কাছে তার গানে হাতেখড়ি এবং তিনিই বুঝতে পেরেছিলেন যে, তার কণ্ঠে সুর আছে এবং চাইলে সে গায়িকা হতে পারবে। পরবর্তী সময়ে ফেরদৌস আরার কাছে তিনি গানে তালিম নেন। সব মিলিয়ে হিমি গানে তালিম নিয়েছেন ছয়-সাত বছর। তবে গায়িকা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেই তিনি তার ক্যারিয়ার গড়েছেন।

শুটিংয়ের ফাঁকে সময় পেলে এখনো হারমোনিয়াম নিয়ে নিজের মতো করে গানের চর্চা করেন উল্লেখ করে বলেন, ‘যেহেতু ছোটবেলায় গান শিখেছি, তাই গানের প্রতি আলাদা ভালোবাসা আছে। সময় সুযোগ পেলে এখনো হারমোনিয়াম নিয়ে বসে পড়ি গানের চর্চা করি। এখনো আমাকে ফেরদৌস আরা ম্যাম বলেন, গানটা নিয়মিত করো, ভালো করবে। আসলে ম্যাডাম আমার গান গাওয়া নিয়ে অনেক আশাবাদী ছিলেন। তাই তিনি এখনো আমাকে অনুপ্রেরণা দেন। আর সাধনা মিত্র ম্যাডামের প্রতি কৃতজ্ঞ যে, তিনিই আসলে আমাকে গান গাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন, আমাকে সুরের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সর্বোপরি আমার আম্মুতো ছিলেনই।’

প্রসঙ্গত, পুরান ঢাকার মনিজা রহমান গার্লস হাইস্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং পরে বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাইস্কুল থেকে এসএসসি, ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসএসি, ২০২২ সালে নর্থসাউথ থেকে বিবিএ সম্পন্ন করেন। চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরুতে আলোচনায় আসেন হিমি। ‘হঠাৎ দেখা’ সিনেমা ছিল হিমির প্রথম সিনেমা। এটি কলকাতার সিনেমা। এরপর আর কোনো সিনেমাতে তাকে দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত