রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে জাপানে দুই বছরের উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। অর্থাৎ প্রস্তাবিত ‘২ যোগ ২’ একাডেমিক প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা চার বছর মেয়াদি অনার্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পাবেন।
ঢাকার স্থানীয় একটি হোটেল রবিবার (১৬ আগস্ট) রাবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত একাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের কাঠামো পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শেষ দুই বছর পড়াশোনা করবেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করলে তারা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক সনদ অর্জনের সুযোগ পাবেন।
এবিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত ‘২+২’ একাডেমিক প্রোগ্রামটি আমাদের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও দক্ষ করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে।
মতবিনিময়কালে জাপানের প্রতিনিধি দলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।
রাবির পক্ষে ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।