ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (২৪ এপ্রিল) তেল জব্দের বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে ২৩ এপ্রিল রাত ১০টার দিকে দৌলতখান থানার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় এলাকায় ছয়টি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। এছাড়া ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রমও প্রক্রিয়াধীন।
অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।