রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের পঁচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কদমতলী জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাড়ির চার তলার বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মধ্যরাতে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কদমতলীর ওই বাড়িটির মালিক দানেশ হাওলাদার জানান, তিনি নিজে দুই তলায় থাকেন। গত ৯ মাস আগে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন। গত দুইদিন ধরে তাদের ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। এরপর ট্রিপোল নাইনে ফোন দেওয়া হয়। পরে কদমতলী থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই দম্পতি মাঝে মাঝে এসে ওই বাসায় থাকত। তবে গত কয়েকদিন ধরে তাদের কাউকে দেখা যায়নি। লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী বা কোন আত্মিয় স্বজনও আসেনি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম জানান, রবিবার দুপুরে ৯৯৯-র মাধ্যমে খবর পেয়ে ওই বাসার দরজা ভেঙে ওই নারী অর্ধগলিত লাশ পাওয়া যায়। ওই নারীর পেটে ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুড়ি বেরিয়ে গেছে।
তিনি আরও জানান, ওই নারী আনসার সদস্য হিসেবে চাকরি করত। ওই বাসায় স্বামী স্ত্রী মিলে থাকত। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে দরজা বাইরে থেকে তালা মেরে করে পালিয়ে গেছে। তার স্বামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ।