ট্রাম্পকে ‘শুধু ঘণ্টা বাজাতে’ বললেন কিং চার্লস

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলাকে হোয়াইট হাউসের ইস্ট রুমে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই অনুষ্ঠানে দুই দেশের সম্পর্কের গভীরতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি রাজার রসবোধও ফুটে উঠেছে এক বিশেষ উপহার প্রদানের মাধ্যমে।

নৈশভোজে রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘এইচএমএস ট্রাম্প’ নামক একটি ঐতিহাসিক ব্রিটিশ সাবমেরিনের আসল টাওয়ারের ঘণ্টা উপহার দেন। ১৯৪৪ সালে চালু হওয়া এই সাবমেরিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধে অংশ নিয়েছিল। সাবমেরিনটির নামের সঙ্গে প্রেসিডেন্টের নামের ব্যক্তিগত কোনো যোগসূত্র না থাকলেও, উপহারটি ছিল প্রতীকী।

উপহার দেওয়ার সময় রাজা রসিকতা করে বলেন, ‘আর যদি কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান… তাহলে শুধু ঘণ্টাটি বাজালেই হবে!’ বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই উপহারটি মূলত দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রতীক এবং এটি ১৯৭৬ সালে রানি এলিজাবেথের দেওয়া দ্বিশতবার্ষিকী ‘লিবার্টি বেল’-এর স্মৃতি মনে করিয়ে দেয়।

এর আগে, রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। তিনি বলেন, বর্তমানের জটিল বিশ্বে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব এখন আগের চেয়ে ‘আরো বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি ১৯৯১ সালে একই কক্ষে তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের ভাষণের কথা স্মরণ করে যুক্তরাষ্ট্রের প্রতি ব্রিটেনের সর্বোচ্চ সম্মান ও বন্ধুত্বের কথা জানান।

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যে কানাডিয়ানরা অসন্তুষ্ট ছিলেন। রাজা চার্লস অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজের ‘কানাডার রাজা’ পরিচয়ের কথা উল্লেখ করে তাদের মন জয় করেন। আসন্ন ফিফা বিশ্বকাপের কথা টেনে তিনি বলেন, “কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপ আয়োজন করবে। মিস্টার প্রেসিডেন্ট, আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে দুজনেই এই আয়োজনের যৌথ আয়োজক!”

প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে মধ্যপ্রাচ্য ও ইরানের বিষয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে এবং সামরিকভাবে তাদের পরাজিত করেছে। রাজা চার্লসও এ বিষয়ে ট্রাম্পের সাথে একমত বলে জানান প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের দেওয়া এই উপহারকে ‘সমৃদ্ধ উত্তরাধিকার’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ব্রিটিশ সাবেক উপনিবেশগুলো জানে না তারা যুক্তরাজ্যের কাছে কতটা ঋণী। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি ব্রিটিশ ঐতিহ্য প্রত্যাখ্যান করার জন্য নয়, বরং সেটিকে ‘পুনরুদ্ধার ও নিখুঁত করার জন্য’ করা হয়েছিল।

ট্রাম্প উল্লেখ করেন যে, আমেরিকার অনেক শহর যেমন নিউ ইয়র্কের কুইন্স যেখানে তিনি নিজে বেড়ে উঠেছেন এখনও ব্রিটিশ সম্পর্কের চিহ্ন বহন করে। তিনি দুই দেশের সম্পর্ককে ‘পৃথিবীর অন্য যেকোনো বন্ধুত্বের চেয়ে আলাদা’ এবং ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন।

রাজা চার্লস তার বক্তব্যে নেটো এবং অকাস জোটের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও দৃঢ় করতে হবে। অন্যদিকে ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে, দুই দেশ ঐক্যবদ্ধভাবে কমিউনিজম, ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে অতীতে জয়ী হয়েছে।

নৈশভোজের শেষে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা উদযাপন এবং রাজা চার্লসের সম্মানে পানীয় পানের মাধ্যমে শুভেচ্ছা জানান।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত