ফ্রান্সের কর বিভাগ ও ভূমি নিবন্ধন দপ্তরের কম্পিউটার সিস্টেমে হামলা চালিয়ে হ্যাকাররা। লাখ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় ও করসংক্রান্ত তথ্য চুরি করেছে তারা। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের পাবলিক ফাইন্যান্সের মহাপরিদপ্তর (ডিজিএফআইপি) শুক্রবার (১৪ আগস্ট) জানায়, জুন ও জুলাইয়ে তাদের কম্পিউটার ব্যবস্থায় পৃথক দুটি সাইবার হামলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি
এর আগে একটি হ্যাকার গোষ্ঠী এসব হামলা চালানোর দাবি করেছিল।
ডিজিএফআইপি জানায়, জুনের প্রথম হামলায় অন্তত ৬ লাখ ৭৮ হাজার ব্যক্তি ও পেশাজীবী অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। এসব তথ্যের মধ্যে ছিল নাম, আয়ের হিসাব সংক্রান্ত তথ্য এবং পরিশোধ করা করের হার।
জুলাই মাসে দ্বিতীয় হামলায় ২ লাখ ভূমি নিবন্ধন অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ‘জিরোবাইটস’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এর আগে দাবি করেছিল, তারা ২ লাখ ৫০ হাজার ভূমি নিবন্ধন অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে। এসব অ্যাকাউন্টের সঙ্গে জমি ও সম্পত্তির মালিক প্রায় ২০ লাখ মানুষের তথ্য জড়িত বলে দাবি করেছে গোষ্ঠীটি।
ডার্ক ওয়েবের একটি ফোরামে হামলার দায় স্বীকার করে জিরোবাইটস। ফরাসি সরকারি কম্পিউটার ব্যবস্থায় এর আগে চালানো কয়েকটি সাইবার হামলার সঙ্গেও গোষ্ঠীটির নাম জড়িয়েছে। হ্যাকাররের দাবি, তারা কর কর্মকর্তাদের ব্যবহৃত একটি ভিপিএনে (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) প্রবেশাধিকার পেয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। এর আগে এপ্রিলে পরিচয়পত্রের আবেদন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এএনটিএস সংস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যক্তি ও পেশাজীবীর তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।