ময়মনসিংহ নগরীতে দুই ছাত্রীকে লক্ষ্য করে অশ্লীল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, সম্প্রতি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি নির্জন গলিতে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গলি দিয়ে হেঁটে যাওয়া দুই ছাত্রীকে লক্ষ্য করে এক ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে লুঙ্গি তুলে অশ্লীল আচরণ করেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের পিছু নেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ডিবি পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।
