ব্যাটে কি এআই চিপ প্রশ্নে সূর্যবংশী যে জবাব দিলেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ এএম

আইপিএল ২০২৬ আসরে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আলোচনার নাম। তার দানবীয় ব্যাটিং দেখে যখন চারদিকে বিস্ময়, তখন অদ্ভুত এক বিতর্ক উসকে দিয়েছেন বিদেশি এক বিশ্লেষক। দাবি তোলা হয়েছে, বৈভবের ব্যাটে নাকি গোপন এআই চিপ (কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ) লুকানো আছে! অবশেষে এই বিচিত্র অভিযোগের এক জুতসই জবাব দিয়েছেন এই খুদে প্রতিভা।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বৈভবের মাত্র ৩৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংসের পর পাকিস্তানভিত্তিক ক্রিকেট বিশ্লেষক ডক্টর নোমান নিয়াজ এক টিভি শোতে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ১৫ বছর বয়সী এক কিশোরের পক্ষে এমন ৩০০ ডিগ্রি রেঞ্জে শট খেলা এবং অতিমানবীয় পাওয়ার হিটিং করা প্রায় অসম্ভব।

তিনি মন্তব্য করেন, 'ওর ব্যাট চেক করা উচিত। ডোপ টেস্টের মতো ওর ব্যাটও ল্যাবে পাঠানো হোক। সম্ভবত ও ব্যাটে কোনো এআই চিপ ব্যবহার করছে... এটা সাধারণ মানুষের ব্যাটিং হতে পারে না।'

বুধবার রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে বৈভবকে সরাসরি এই ‘গোপন প্রযুক্তি’ নিয়ে প্রশ্ন করা হয়। বৈভব তার ট্রেডমার্ক মুচকি হাসিতে উত্তর দেন, 'ঈশ্বর লাগিয়ে দিয়েছেন। ওপর থেকেই বলে দিয়েছিলেন যে তোমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিচ্ছি। আমি শুধু সেটারই ব্যবহার করছি।'  

এই বুদ্ধিদীপ্ত উত্তরের মাধ্যমে বৈভব বুঝিয়ে দিয়েছেন, তার শক্তির উৎস কোনো মাদারবোর্ড নয়, বরং কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার দেওয়া প্রতিভা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত