জাবি স্পোর্টস ক্লাবের নতুন সভাপতি সাইমুন, সম্পাদক সোহান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. তানভীর সিদ্দিকী সাইমুনকে সভাপতি এবং ইতিহাস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. সোহানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুমোদনক্রমে বিদায়ী সভাপতি আহমাদ হাবিব ও সাধারণ সম্পাদক শাহনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট এই নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নবগঠিত এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে স্পোর্টস ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

​নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. তানভীর সিদ্দিকী সাইমুন বলেন, ‘আমি নিজে একজন পেশাদার ফুটবলার ছিলাম এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলে প্রতিনিধিত্ব করছি। এমন একটি ক্লাবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বড় ভাইয়েরা আমার প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। 

তিনি আরও বলেন ,'আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে জাবি স্পোর্টস ক্লাব শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, বরং দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত