দায়িত্ব-ভালোবাসা একসঙ্গে সামলালেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ১০:০৪ পিএম

সিলেটে গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া। মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে নাকাল নাগরিক জীবন। ঠিক এমন আবহাওয়ায় সিলেটে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গী তার সহধর্মিণী, সিলেটের মেয়ে ডা. জুবাইদা রহমান।

শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমান থেকে নামতেই বৃষ্টির মুখোমুখি হন প্রধানমন্ত্রী। নিরাপত্তাকর্মীরা ছাতা ধরে এগিয়ে গেলেন। কিন্তু একা পা বাড়ালেন না তিনি। সহধর্মিণীকে হাত ধরে বিমান থেকে নেমে সামনে পা বাড়ালেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। দলের ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসযোগে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন। বের হওয়ার সময় বৃষ্টি আরও বাড়ে।

এই সময় প্রধানমন্ত্রী এক ছাতার নিচে স্ত্রী জুবাইদা রহমানের হাত শক্তভাবে ধরে বাসের দিকে পা বাড়ালেন। যা ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছবিগুলো শেয়ার করে অনেকেই লিখছেন, ক্ষমতা বা পদের চেয়েও বড় পরিচয় একজন দায়িত্বশীল জীবনসঙ্গী।

মিফতা হাসান নামে এক যুবক লিখেছেন, ‘শিখতে চাইলে ওনাদের থেকে শেখা উচিত, কীভাবে দায়িত্ব আর ভালোবাসা একসঙ্গে সামলাতে হয়।’ সানজানা শিরিন নামের একজন লেখেন, ‘হে বঙ্গের পুরুষ সমাজ, শেখো, কীভাবে বউকে প্রায়োরিটি দিতে হয়।’ হেলাল মিয়া নামে একজন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিপদে ফেলে দিলেন! এখন স্ত্রীরা বলবে দেখো, প্রধানমন্ত্রী হয়েও তিনি কত যত্নশীল, আর তুমি একটা ছাতাও ঠিকমতো ধরতে পারো না।’

শনিবার সকালের বৈরী আবহাওয়ার মধ্যে সিলেটে পৌঁছে সারা দিনের ব্যস্ততা শেষে বিমানযোগে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইউএস বাংলার একটি উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে সার্বক্ষণিক ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত