রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক রাশেদুল ইসলাম জানান, তিনি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ডেমরার পাইটি এলাকায় অনেক লোকজনের ভিড় দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। তখন স্থানীয়রা ও পুলিশ আহত মোটরসাইকেল চালককে তার অটোরিকশায় উঠিয়ে দেন। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়. মোটরসাইকেল চালকসহ ট্রাকের চাকা পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
