আগামী সপ্তাহেই মৌসুমীর প্রত্যাবর্তন

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:৪৪ এএম

দেশীয় চলচ্চিত্রের উজ্জ্বল এক তারকা আরিফা পারভিন জামান মৌসুমী। একাধারে তিনি মডেল, অভিনেত্রী, গায়িকা ও পরিচালক ও সমাজসেবক। প্রিয়দর্শিনীখ্যাত এই নায়িকা এরই মধ্যে পার করেছেন ক্যারিয়ারের তিন দশক। তবে আগের মতো অভিনয়ে নিয়মিত নন তিনি। স্বামী-সন্তান আর সংসারেই বেশি মনোযোগী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে তিনি অবস্থান করছেন আমেরিকার নিউ জার্সিতে। সেখানে তিনি মা, বোন ও সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। আমেরিকাতে গিয়েও অভিনয় থেকে থেমে ছিলেন না তিনি। যদিও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী গত বছরের শুরুর দিকে বলেছিলেন, মৌসুমী আর অভিনয় করবেন না। কিন্ত স্বামীর কথা ভুল প্রমাণ করে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয়সহ কাজ করেছেন নাটক-টেলিফিল্মেও। পাশাপাশি কয়েকটি স্টেজ শো ও ফটোশুটেও অংশ নিচ্ছেন নিয়মিত।

মৌসুমীর ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা, তাদের প্রিয় অভিনেত্রী আবার দেশে এসে আপন ভুবনে কাজ শুরু করুক। ভক্তদের প্রত্যাশা মেটাতে আপাতত দেশে কাজ না করলেও আগামী সপ্তাহেই নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। বিদেশের প্রেক্ষাপটে সেই গল্প নিয়েই নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। যেখানে উঠে এসেছে বিবাহিত নারী বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন নির্মাতা।

মৌসুমী বলেন, ‘অনেক সুন্দর একটি বার্তা রয়েছে এই সিনেমাটিতে। এর মাধ্যমে অনেকদিন পর দেশের প্রেক্ষাগৃহে দর্শক আমাকে দেখতে পাবেন। আশা করি, দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে। তবে দর্শকের প্রত্যাশা অনুযায়ী নিয়মিত অভিনয়ে ফেরার সম্ভাবনা আমার খুব কম। আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার সংসার। সবার আগে আমার স্বামী-সন্তান। এ ছাড়া প্রাধান্য দিচ্ছি সামাজিক কাজকে। এটাতে খুব আনন্দ পাই। পাশাপাশি রাজনীতি করার ইচ্ছা আছে। তবে সেটা দ্রুত নয়, আস্তে-ধীরে। আগে রাজনীতি বিষয়টিকে নিজের আয়ত্তে নিতে চাই।’

মৌসুমী আরও বলেন, এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে। এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কমবেশি থাকে। এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত।

পরিচালক সূত্রে জানা গেছে,‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি বিদেশেও যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত