বৈষম্যে বিরক্ত মালাইকা

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৪৬ এএম

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মালাইকা ম্যাজিকে বুঁদ বলিউড। কখনো ‘ছঁইয়া ছঁইয়া’ তো কখনো আবার ‘মুন্নি’র তালে মালাইকার শরীরী হিল্লোল ঝড় তোলে দর্শক হৃদয়ে। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও মালাইকার অরোরার গ্ল্যামারের আগুনে তোলপাড় হয়ে যায় পুরুষ হৃদয়! মালাইকার ফিটনেস আর সৌন্দর্যে ক্লিন বোল্ড দর্শক। তিনি যে ইন্ডাস্ট্রির ট্রেন্ড মেকার তা বললেও অত্যুক্তি হবে না। অনেক সময় সমালোচকদের কটাক্ষেরও শিকার হন, তবুও নিজ শর্তে জীবন কাটান তিনি। ৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে শারীরিকভাবে এত ফিট রাখেন, একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন মালাইকা। শরীর বেয়ে চুইয়ে পড়া গ্ল্যামার দেখে তো তরুণ প্রজন্ম জানতে চায় নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য। সম্প্রতি বিনোদনের একটি টক শোয়ে বয়সের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালাইকা।

তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমি বয়স নিয়ে ভাবতাম। আবার আমার জীবনে এমন সময়ও এসেছে যেখন আমি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র ভাবিনি। শুধু নিজের কাজটা উপভোগ করি। যেটা করতে ভালো লাগে বা ভালোবাসি সেটাই করি। আমার মনে হয়, এখন আমি জীবনের সবচেয়ে সুখী অধ্যায় উদযাপন করছি। জীবনে এখনো অনেক কিছু করা বাকি আছে। অনেক কিছু করতে চাই, তাই এসব বিষয় এখন আর আমাকে বিশেষ প্রভাবিত করে না।’

সাধারণ কোনো মহিলা হোক বা সেলিব্রিটি, মেয়েদের বয়সের সঙ্গে তাদের জীবনের গতিপথের তুলনা করা হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কখনই হয় না। সমাজের এই বৈষম্যের বিরোধিতা করেছেন মালাইকা। তার মতে, একজন মহিলাকে যেমন অকপটে তার বয়স নিয়ে প্রশ্ন করা হয়, পুরুষদেরও সেই প্রশ্ন অবশ্যই করা উচিত। মালাইকার ভাষ্য, ‘আমি মনে করি এই প্রশ্নগুলো সবসময় মহিলাদেরই করা হয়। খুব কমই কোনো পুরুষকে এভাবে জিজ্ঞেস করা হয়। একজন নারীকে খুব সহজেই বলা হয়, তোমার জীবনের সেরা সময়ে তুমি এমন ছিলে, এখন এই বয়সে এসে কেমন লাগছে? কখনো শুনিনি কোনো পুরুষকে এ ধরনের প্রশ্ন করা বয়স বা সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের ভাবনা।’

অভিনেত্রীর সংযোজন, ‘বাহ্যিক সৌন্দর্যই শেষ কথা নয়। হ্যাঁ, পৃথিবী সেটাই দেখে, কিন্তু এর সঙ্গে মানসিক ও আবেগের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সারা দিন কীভাবে কাটবে, আজ মন কী চাইছে এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবি না যে, আমাকে দেখতে কেমন লাগছে। এমন কিছু করতে চাই যে, আমাকে, আমার পরিবারকে অনুপ্রাণিত করবে, গর্বিত করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত