ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৪৬ পিএম

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

একই সময় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮২ শিশু।
রবিবার (৩ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে ৯ মাস বয়সী এক শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই শিশু মারা যায়। তার হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর জটিলতা দেখা দিয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে ৩ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪১ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অল্পসংখ্যক রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত