মিরসরাইয়ে বাসের ধাক্কায় ঝরলো শিশু শিক্ষার্থীর প্রাণ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

মিরসরাইয়ে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকার বাসিন্দা মো. সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী মারা গেছে। আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত