গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে দুই ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সদর উপজেলার ডোমরাশুর ও গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার সংবাদের ভিত্তিতে ডোমরাশুর এলাকার এফ এম ফুলমালা ব্রিকস এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসে অভিযান চালানো হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমোদন না থাকায় এফ এম ফুলমালা ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা এবং নিগি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরে ইটভাটা দুটির চুল্লি ভেঙে ফেলা হয় এবং আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ভেতরে আছড়ে পড়ল ভারতের ড্রোন