রেসিপি দিয়েছেন : তাসনীয়া রহমান সৃষ্টি
শজনের বড়া
উপকরণ
মসুর ডাল বাটা আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, শজনে ১ কাপ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
মসুর ডাল ১ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে বেটে নিন। এবার তেল ও শজনে ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ডাল মেখে শজনের মাঝখানের অংশে ডালের মিশ্রণ জড়িয়ে নিন। এবার তেল গরম করে বড়া ছেড়ে বাদামি করে ভেজে পরিবেশন করুন।
সরিষায় শজনে
উপকরণ
শজনে ডাঁটা ২৫০ গ্রাম, রসুন ও শুকনা মরিচ মিশিয়ে আধা বাটা ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৫টি, লবণ ১ চা চামচ, পানি ২৫০ মি.লি।
যেভাবে তৈরি করবেন
কড়াইয়ে তেল গরম করে রসুন ও মরিচ বাটা ভুনে এরপর পানি দিয়ে কষান। শজনে ডাঁটা ও অল্প পানি দিয়ে আবার কষান। শজনে ডাঁটা সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচামরিচ ও সরিষা বাটা দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করুন। তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।
পাঁচমিশালি ডালে শজনে আম
উপকরণ
শজনে আধা কাপ, কাঁচা আম ১টি, পাঁচমিশালি ডাল ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৩টি, পাঁচফোড়ন ১ চা চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
ডালের সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মিরিচ গুঁড়া, তেল ও লবণ দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে ডাল বসিয়ে দিন। ডাল সেদ্ধ হয়ে এলে আরেকটি পাত্রে ঘি গরম করে পাঁচফোড়ন ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিন। এবার শজনে দিয়ে ঢেকে শজনে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।