চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে এই মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে নগরীর লালদিঘি মাঠে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী গাছ বাঁচানোর ওপর বিশেষ জোর দেন।

তিনি বলেন, একসঙ্গে ২৫ কোটি গাছ লাগানোর যে বৃহৎ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা একটি বিশাল কর্মযজ্ঞ। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে ভালোবাসতে হবে এবং এর বেড়ে ওঠার দায়িত্বও নিতে হবে।

বর্ষা শেষে শুষ্ক মৌসুমে গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী  বলেন, থাইল্যান্ডে শিশুর জন্মের পরপরই একটি গাছ লাগানোর প্রচলন রয়েছে, যা শিশু ও গাছের মধ্যে একটি পারিবারিক আবেগীয় সম্পর্ক তৈরি করে। বাংলাদেশেও বৃক্ষরোপণকে এমন একটি সামাজিক ও পারিবারিক সংস্কৃতিতে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে নগরীর ডিসি হিল এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালদিঘি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারের মেলায় ৫৮টি নার্সারি ও স্টলে প্রায় ৮০০ প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা, বীজ এবং সার প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত