রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে তিন দিনের বিশেষ যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় উভয় দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময় করবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত (৯, ১০ ও ১১ মে) কার্যকর থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) জন্য যুদ্ধবিরতি পালিত হবে। রাশিয়ায় এখন ‘বিজয় দিবস’ (ভিক্টরি ডে) উদযাপন চলছে। একইভাবে ইউক্রেনও এই উদযাপনের অংশীদার, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারাও ছিল এক বড় শক্তি ও প্রভাবক।’
তিনি আরও জানান, এই বিরতিকালীন সময়ে সব ধরনের সামরিক তৎপরতা ও হামলা বন্ধ থাকবে। সেই সঙ্গে প্রতিটি দেশ থেকে ১,০০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টিও এই চুক্তির অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার পক্ষ থেকে শনিবার তাদের ‘বিজয় দিবস’ উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। অন্যদিকে, ইউক্রেনও আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে কিয়েভের দাবি ছিল যে মস্কো সেই প্রস্তাবে কর্ণপাত করেনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধবিরতির অনুরোধ আমি সরাসরি নিজে করেছি।’ এই প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান তিনি।
যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রতিদিন লক্ষ্য অর্জনের আরও কাছাকাছি পৌঁছাচ্ছি। আশা করি, এটি একটি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী এবং কঠিন যুদ্ধের সমাপ্তির সূচনা মাত্র।’
সূত্র: আল-জাজিরা
