ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:০৭ এএম

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দুই বিদেশি পর্যটকসহ তিন পর্বতারোহী নিহত হয়েছেন। আগ্নেয়গিরিটি পূর্বাঞ্চলীয় হালমাহেরা দ্বীপে অবস্থিত। গতকাল শুক্রবার এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

হালমাহেরা জেলার পুলিশ প্রধান এরলিকসন পাসারিবু কম্পাস টিভিকে বলেন, ঘটনার সময় ওই এলাকায় থাকা পর্বতারোহীদের মধ্যে সাতজন নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন। উদ্ধারকৃত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির সক্রিয়তা বৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পর গত মাসে ওই এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে আরোহীরা সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রধান এরলিকসন জানান, যারা পর্বতারোহীদের সঙ্গে পাহাড়ে উঠেছিলেন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। ডুকোনো ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম এবং এটি পর্বতারোহী ও পর্যটকদের কাছে জনপ্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত