গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে গভীর রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী ও তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), হাবিবা (৮), ফারিয়া (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)।
এলাকাবাসী জানান, শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে।
কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত যুবাইর হোসেন জানান, প্রায় এক বছর আগে একটি প্রাইভেটকার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা
