তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ল মা-বাবা

আপডেট : ০৯ মে ২০২৬, ০২:১০ পিএম

ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে আগুনে পুড়ে মারা গেলেন মা-বাবা। তবে তারা আগুনে পোড়ার আগে বাঁচাতে পেরেছিলেন তাদের আদরের সন্তানদের। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে হঠাৎ আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে এই দম্পতি তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত