সৌদিতে হজযাত্রীদের জন্য ৮ ভাষায় হেলথ গাইড চালু

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:০৭ পিএম

চলতি হজ মৌসুম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে আট ভাষায় হেলথ গাইড বা স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশিকা চালু করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

‘সুস্থতার সঙ্গে হজ’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত এই নির্দেশিকাটি হজযাত্রীদের যাত্রার আগে থেকে শুরু করে হজের যাবতীয় কার্যক্রম শেষ করা পর্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এতে মূলত অত্যধিক গরমজনিত অসুস্থতা, হিটস্ট্রোক ও শ্বাসকষ্টজনিত সংক্রমণ প্রতিরোধ এবং খাদ্যনিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া এতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা পাওয়ার আগ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও দ্রুত করণীয় সম্পর্কেও নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বয়স্ক ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হজযাত্রীদের জন্য আলাদা স্বাস্থ্য পরামর্শও রাখা হয়েছে, যাতে তারা নিরাপদে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। 

স্বাস্থ্য নির্দেশিকাটি আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফারসি, ইন্দোনেশীয়, তুর্কি ও মালয় ভাষায় প্রকাশ করা হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ভাষাভাষী হজযাত্রীদের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতেও হজযাত্রীদের নিরাপদ ও সুস্থ পরিবেশে ইবাদত পালনে সহায়তা করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত