মাদারীপুর জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে রাজৈর থানার শারিস্তাবাদ চেয়ারম্যান হাট মোড় বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. শাহাদাৎ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাসনগাছা এলাকার বাসিন্দা। বর্তমানে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম মোড়ল কান্দা এলাকায় বসবাস করছিলেন।
এদিকে শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজৈর থানার চাঁনপট্টি এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫২ হাজার ৫০০ টাকাসহ মো. রুবেল খান (৩০) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি রাজৈর উপজেলার চাঁনপট্টি এলাকার বাসিন্দা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদারীপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে নিহত কিশোরগঞ্জের তরুণ