ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৫০ এএম

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় একদিনেই অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে শহরে একটি ভয়াবহ হামলায় এক শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শনিবার (৯ মে) দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। সাকসাকিয়ে শহরের হামলায় সাতজন ‘শহীদ’ হওয়া ছাড়াও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বেসামরিক নাগরিক হতাহতের খবর তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। আইডিএফের দাবি, তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।

এদিকে, নাবাতিয়েতে একটি মোটরসাইকেলে ড্রোন হামলার রোমহর্ষক বর্ণনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে হামলার শিকার হন। প্রথম হামলার পর তারা সরে যাওয়ার চেষ্টা করলে ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালিয়ে বাবাকে হত্যা করে। এরপর তৃতীয়বার মেয়েটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়। বর্তমানে মেয়েটি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করলেও দুই পক্ষের মধ্যে সংঘাত থামেনি। ইসরায়েলি বাহিনী বর্তমানে দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে এবং সেখানে একের পর এক গ্রাম ধ্বংস করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনের আঘাতে অন্তত তিনজন রিজার্ভ সৈন্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, দক্ষিণ লেবাননে এ পর্যন্ত তাদের ১৭ জন সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত