দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে সিডনি সুইনি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন কাউন্টিতে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একাধিক পোস্টে ইউফোরিয়া তারকা স্পোকেনকে তার নিজ শহর হিসেবে উল্লেখ করেন। মার্কিন অভিনেত্রী বলেন, যে এলাকায় তিনি বেড়ে উঠেছেন, সেই সম্প্রদায়ের ওপর এই বিপর্যয় গভীর প্রভাব ফেলেছে। 

সিডনি সুইনি লেখেন, ‘স্পোকেন সবসময়ই আমার কাছে বাড়ি। এখানেই আমি বেড়ে উঠেছি, এখানেই আমার পরিবার এখনও থাকে এবং এখানকার অনেক মানুষ ও স্থান আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ সুইনি জানান, দাবানলের কারণে অসংখ্য মানুষের জীবন বদলে গেছে এবং তার নিজের পরিবারের কয়েকজন সদস্যও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, ‘হাজারো পরিবার তাদের ঘরবাড়ি, প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়েছে। তাদের মধ্যে আমার পরিবারের সদস্যরাও রয়েছেন। আমাদের সম্প্রদায় এর আগে কখনও এ মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়নি।’ 

প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে এ বছর দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও ওরেগনজুড়ে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি একর জমি দাবানলে পুড়ে গেছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটিকে ওই অঞ্চলের অন্যতম ভয়াবহ দাবানল মৌসুম হিসেবে দেখা হচ্ছে। 

সুইনি বলেন, স্পোকেনের মতো ছোট সম্প্রদায়গুলো প্রাকৃতিক দুর্যোগের সময় জাতীয় পর্যায়ে তুলনামূলক কম মনোযোগ পায়। তাই তিনি অনুসারীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তিনি ত্রাণ কার্যক্রমে কাজ করা ৪টি সংস্থার কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো- ইনোভিয়া ফাউন্ডেশন, স্পোকঅ্যানিমেল, সেকেন্ড হারভেস্ট ও ওয়াচ ডিউটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত