ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য ইরাকের মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
শনিবার (৯ মে) মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই গোপন ঘাঁটির বিষয়ে আগে থেকেই অবগত ছিল। ঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে বিশেষ বাহিনীর সদস্যরাও অবস্থান করছিল বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি যুদ্ধের শুরুর দিকে স্থানীয় এক মেষপালকের সন্দেহজনক হেলিকপ্টার চলাচলের তথ্যের ভিত্তিতে ইরাকি বাহিনী অনুসন্ধান শুরু করলে ঘাঁটিটি প্রায় শনাক্ত হয়ে যায়। এরপর ইসরায়েলি বাহিনী ওই এলাকাকে কেন্দ্র করে হামলা চালিয়ে ইরাকি সেনাদের দূরে সরিয়ে দেয় বলে দাবি করা হয়।
ইরাকি সেনারা পরে হুমভি গাড়ি ও কাউন্টার-টেররিজম ইউনিট নিয়ে অভিযান চালালেও সেখানে সামরিক উপস্থিতির প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সূত্রের দাবি, ঘাঁটিটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে তৈরি করা হয়েছিল এবং সম্ভাব্য বিমান বিধ্বস্ত বা উদ্ধার অভিযানের জন্য সেখানে আগে থেকেই প্রস্তুতি রাখা হয়েছিল।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বিশেষ কমান্ডো ইউনিটও ঘাঁটিতে সক্রিয় ছিল এবং প্রয়োজনে সীমান্ত পেরিয়ে অভিযান চালানোর সক্ষমতা রাখে। তবে এ বিষয়ে ইসরায়েল, ইরাক বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
