শীতের ভোর। কুয়াশায় ঢেকে আছে পথ। সূর্যের আলো এসে এই পথে পড়তে এখনো অনেক দেরি। পথের ওপর মানুষের পায়ের ছাপ। পথ দিয়ে সার বেঁধে মানুষ যাচ্ছে পথ মাড়িয়ে। সূর্য ওঠার আগেই তারা উঠেছে। তারা আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ। বাংলাদেশের যারা প্রাণ।
বাংলাদেশকে নিজের ভেতর ধারণ করা কোনো একক ছবিতে সম্ভব নয়। বাংলাদেশ বৈচিত্র্যময়। শীতের সকালের ধানক্ষেত, বর্ষার জলে ভেসে থাকা চর, কিংবা শরতের কাশফুলে ভরা মাঠ—এই দেশকে ধারণ করতে হলে তার ঋতুচক্র, মাটি আর মানুষের সম্পর্ককে একসঙ্গে ধারণ করতে হয়। বাংলাদেশ এমন একটি ভূখন্ড, যেখানে প্রকৃতি ও জীবিকার সংযোগ খুব বেশি স্পষ্ট এবং সেই সংযোগই অর্থনীতি ও সমাজের অনেক বাস্তবতাকে ব্যাখ্যা করে।
বাংলাদেশ একটি সমন্বিত অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, প্রকৃতি, মানুষের শ্রম এবং সাংস্কৃতিক চর্চা একসঙ্গে মিশে একটি বহুমাত্রিক বাস্তবতা তৈরি করেছে। এই বাস্তবতায় যেমন আছে নদীভাঙা জীবনের অনিশ্চয়তা, তেমনি আছে উর্বর মাঠের সম্ভাবনা। যেমন আছে শহরের ব্যস্ততা, তেমনি আছে গ্রামের শান্ত ও গভীর জীবনছন্দ।
এ দেশের পরিচয় গড়ে উঠেছে মানুষের মধ্য দিয়ে—ভোরবেলা কাজে নেমে পড়া কৃষকের মনোযোগ, রিকশাচালকের অবিরাম চলা, কিংবা কারখানার শ্রমিকের নিরবচ্ছিন্ন শ্রম—সবকিছু মিলিয়ে বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক ও সামাজিক কাঠামো তৈরি করেছে। সংগ্রাম এখানে দৈনন্দিন বাস্তবতা, তবে সেই সংগ্রামের মধ্য দিয়েই গড়ে ওঠে টিকে থাকার শক্তি ও এগিয়ে যাওয়ার মানসিকতা।
নদী, ঋতুচক্র এবং প্রকৃতি বাংলাদেশের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের স্রোত যেমন জীবন ও জীবিকার ধারক, তেমনি ভাঙন ও পরিবর্তনেরও প্রতীক। বর্ষা, শরৎ, হেমন্ত বা বসন্ত প্রতিটি ঋতু মানুষের জীবনযাত্রা, কাজ এবং সংস্কৃতিকে প্রভাবিত করে, যা এই ভূখ-কে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে।
বাংলাদেশের সংস্কৃতি তার প্রাণ এটা কেবল নান্দনিকতার বিষয় নয়, বরং মানুষের জীবনযাত্রা, বিশ্বাস ও অভিজ্ঞতার গভীরে গেঁথে থাকা এক চরম বাস্তবতা। গান, কবিতা, নাটক কিংবা লোকজ ঐতিহ্য সবকিছুই মানুষের দৈনন্দিন জীবন থেকে উঠে আসে এবং সেই জীবনকেই নতুনভাবে ব্যাখ্যা করে। মেলায় বাউলের গলায় জীবনের দর্শন যেমন প্রতিধ্বনিত হয়, তেমনি কোথাও কোনো মঞ্চে আবৃত্তি বা নাটক সমাজের প্রশ্ন, প্রতিবাদ ও আকাক্সক্ষাকে সামনে নিয়ে আসে। এই ধারাগুলোর মধ্যে কোনো বিভাজন নেই, বরং তারা একে অন্যকে সম্পূর্ণ করে, একটি সমন্বিত সাংস্কৃতিক প্রবাহ তৈরি করেছে।
উৎসব, আয়োজন এবং সম্মিলিত অংশগ্রহণ এই সংস্কৃতিকে জীবন্ত রাখে। পহেলা বৈশাখ, নবান্ন বা বিভিন্ন সামাজিক-ধর্মীয় উৎসব মানুষকে একত্র করে, পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে। এখানেই গড়ে ওঠে বিশেষ ধরনের সামাজিক বন্ধন, যেখানে ভিন্ন পটভূমির মানুষও নিজেদের একইধারার অংশ হিসেবে অনুভব করে।
বাংলাদেশের সংস্কৃতি ও ভাষা মিলে এই পরিচয়কে শক্ত ভিত্তি দিয়েছে। লোকজ ঐতিহ্য থেকে আধুনিক শিল্পচর্চা সবক্ষেত্রেই মানুষের সক্রিয় অংশগ্রহণ অভিন্ন সামাজিক পরিসর তৈরি করেছে। আর ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস এই বন্ধনকে আরও গভীর করেছে। বাংলা ভাষা এখানে যোগাযোগের মাধ্যম মাত্র না থেকে হয়ে ওঠে রাজনৈতিক আকাক্সক্ষা যা মানুষকে তাদের শিকড়, সংগ্রাম আর পরিচয়ের সঙ্গে যুক্ত করে।
সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতির প্রকাশভঙ্গি বদলাচ্ছে প্রযুক্তি ও বৈশ্বিক যোগাযোগ নতুন মাত্রা যোগ করছে। তবুও মূল ভিত্তি অপরিবর্তিত মানুষের জীবন, অভিজ্ঞতা এবং সম্মিলিত স্মৃতি। এই ধারাবাহিকতাই প্রমাণ করে, সংস্কৃতি কোনো স্থির কাঠামো নয়, চলমান প্রক্রিয়া, যা পরিবর্তনের মধ্য দিয়েও নিজের ভিত্তিকে অটুট রাখে। বাংলাদেশের সংস্কৃতি ও ভাষা একসঙ্গে এমন এক শক্তিশালী পরিচয় তৈরি করেছে, যা মানুষকে শুধু সংযুক্তই করেনি, বরং তাদের বৃহত্তর জাতীয় সত্তার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তবে একই সঙ্গে বাংলাদেশের আগামীর দিকটিও এই চিত্রের অংশ। শিশুদের স্বপ্ন, তরুণদের সম্ভাবনা এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টা পরিবর্তনশীল বাংলাদেশের ইঙ্গিত দেয়। এই পরিবর্তন শুধু উন্নয়নের নয়, বরং একটি দায়িত্ববোধেরও যেখানে দেশকে ধারণ করা মানে তার মানুষ, প্রকৃতি এবং ইতিহাসের প্রতি সচেতন থাকা।
ভৌগোলিকভাবে বাংলাদেশ বিশে^র বৃহত্তম বদ্বীপগুলোর একটি। প্রায় ৭০০ নদ-নদীর প্রবাহ এই ভূপ্রকৃতিকে নির্ধারণ করেছে। এই নদীগুলো যেমন উর্বর পলিমাটি এনে কৃষিকে সমৃদ্ধ করেছে, তেমনি নদীভাঙন ও বন্যার মতো ঝুঁকিও তৈরি করেছে। ফলে দেশের উন্নয়ন পরিকল্পনায় প্রকৃতির ভূমিকা কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান এখনো গুরুত্বপূর্ণ। ধান উৎপাদনে বাংলাদেশ বিশে^ শীর্ষস্থানীয় দেশের মধ্যে আছে এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বড় সাফল্য। গ্রামীণ অর্থনীতির সঙ্গে ঋতুভিত্তিক কৃষিকাজের সরাসরি সম্পর্ক আছে বর্ষার পানি, শীতের আবহাওয়া, কিংবা অকাল বন্যা সবকিছুই উৎপাদনে প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনের কারণে এই স্বাভাবিক চক্রে অনিশ্চয়তা বাড়ছে।
একই সঙ্গে বাংলাদেশ দ্রুত শিল্পায়নের পথে এগিয়েছে। তৈরি পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ এই খাত থেকে আসে। প্রায় ৪০ লাখ শ্রমিক এই শিল্পে নিয়োজিত, যাদের বড় অংশ নারী। ফলে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বেড়েছে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি জোরদার হয়েছে। পাশাপাশি প্রবাসী আয় অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাংলাদেশের বড় শক্তি। গত এক দশকে গড় জিডিপি প্রবৃদ্ধি কোভিড-১৯ অতিমারির সময় সাময়িকভাবে কমলেও তা পুনরুদ্ধার হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে এবং দারিদ্র্যের হার কমেছে। তবে আয় বৈষম্য এখনো গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে শহর ও গ্রামের মধ্যে।
মানবসম্পদ উন্নয়ন সূচকেও বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়। প্রাথমিক শিক্ষায় ভর্তির হার প্রায় সর্বজনীন এবং নারী শিক্ষায় অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য খাতে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা কার্যকর উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নগরায়ণ বাংলাদেশের উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ঢাকা ও অন্যান্য বড় শহরে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যানজট, বায়ুদূষণ ও আবাসন সংকট তীব্র হচ্ছে। গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত হলেও, পরিকল্পনাহীন নগরায়ণ নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।
ডিজিটাল প্রযুক্তির বিস্তার দেশের অর্থনীতি ও প্রশাসনে পরিবর্তন এনেছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন শিক্ষা ও ই-গভর্ন্যান্স সাধারণ মানুষের জন্য সেবাপ্রাপ্তি সহজ করেছে। তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, বিশেষ করে তরুণদের জন্য।
বাংলাদেশের সামনে সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি ঝুঁকিগুলোর একটি হলো জলবায়ু পরিবর্তন। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। তবুও দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে প্রাণহানি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ কার্যকর মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশের একটি বড় শক্তি জনসংখ্যাগত কাঠামো। তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্ভাবনাময় সম্পদ। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষতা উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য।
বাংলাদেশের মুখ কখনো ক্লান্ত, কখনো জ¦লজ¦লে। কখনো উৎকণ্ঠার, কখনো আশার। তবে এই মুখ কখনো মলিন হয় না, বিষণœ হয়ে ওঠে না, কখনো হারিয়ে যায় না। কারণ বাংলাদেশের মুখ এ দেশের মানুষের ভেতরে বেঁচে থাকে তাদের ভালোবাসায়, তাদের সংগ্রামে, তাদের স্বপ্নে। বাংলার মুখ মানে হচ্ছে নিজের ভেতর দেশকে ধারণ করা। এই ধারণ করা শুধু আবেগ নয়, দায়িত্বও। দেশকে ভালোবাসা মানে তার মানুষকে ভালোবাসা, তার প্রকৃতিকে রক্ষা করা, তার ইতিহাসকে সম্মান করা আর তার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য কাজ করা। এই বাংলার মুখ প্রতিদিন নতুন করে তৈরি হয় মানুষের কাজ, চিন্তা, ভালোবাসা আর সাহসের মাধ্যমে। বাংলাদেশ মানে নিজের কথা, নিজ পরিচয়, অস্তিত্ব আর সুন্দর আগামীর স্বপ্ন দেখা। বাংলাদেশ মানে একদিকে শিকড়, অন্যদিকে সামনের পথে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। বাংলাদেশ মানে অনাবিল ভালোবাসা।
লেখক :
