হামে মৃত্যু ৪০০ ছাড়াল

আপডেট : ১১ মে ২০২৬, ০১:২২ এএম

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে। তাদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, বরিশাল এক এবং চট্টগ্রাম ও সিলেটে দুজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৬৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪৪ জন। অর্থাৎ হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯।

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট : এদিকে দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মোহাম্মদ কাউছার ও মো. মাকসুদুর রহমান এ রিট আবেদনটি করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং আইইডিসিআর’র প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশে হাম ছাড়াও জলাতঙ্ক টিকার মজুদ, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে ৭ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত