শেরপুরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনে একজন কৃষক, ক্ষোভ এমপির

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:২৩ পিএম

শেরপুরের নকলা উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের কম উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে মাত্র একজন কৃষকের উপস্থিতি দেখে তিনি হতাশা ব্যক্ত করেন।

এক পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেও পরে স্থানীয় নেতাদের অনুরোধে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সোমবার (১১ মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফাহিম চৌধুরী বলেন, সরকারের ধান-চাল সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সমন্বয়ের ঘাটতি থাকলে তা গ্রহণযোগ্য নয়। 

তিনি নকলা খাদ্য বিভাগ-এর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো কৃষক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত