তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বৃষ্টির হানা, দুই দিন মিলিয়ে পাঁচ ঘণ্টা চলে গেছে বৃষ্টির পেটে। না হলে ফল নির্ধারণের পথে আরেকটু এগিয়ে থাকতো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্ট। এরপরও বাকি থাকা এক দিনেই ফলের আশায় দুই দল, সবার মুখেই জয়ের নেশার কথা। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল যেমন মনে করেন, এই টেস্ট জেতা সম্ভব। তেমনি পাকিস্তানের অলরাউন্ডার আগা সালমানের বিশ্বাস, ৭০-৭৫ ওভারে ২৬০ রানের লক্ষ্য পেলে তারাও জিততে পারেন এই টেস্ট।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলেছে, স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। আগের ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫৮ রানে, মুশফিকুর রহিম অপরাজিত ১৬ রানে। চতুর্থ দিন বৃষ্টির কারণে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকে, শুরুর পর দ্রুত রান তোলার তাড়া দেখায়নি বাংলাদেশ। আশরাফুলের দৃষ্টিতে এটা স্বাভাবিক এবং আজ আরেকটু ভালো ব্যাটিং করলে ম্যাচ জেতা সম্ভব।
জাতীয় দলের সাবেক তারকা এই ব্যাটসম্যান বলেন, ‘ধীর গতিতে খেলেনি। টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয়, আমি মনে করি, আমরা ওইভাবেই খেলছি। আর বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটা নিয়ন্ত্রণের বাইরের জিনিস। তো আমি বলবো যে, এখনও আমি মনে করি, উইকেটে যে সুবিধা আছে, আমরা যদি কাল সকালে একটু ভালো ব্যাটিং করি, এখনও এই ম্যাচ জেতা সম্ভব। আমাদের যে বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন ও ফাস্ট বোলিং; আমরা যদি ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি, যদি বৃষ্টি না হয়, ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি, আমাদের জেতার সম্ভাবনা থাকবে।’
২৬০ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে ৭০-৭৫ ওভারে ব্যাটিং করানোর পরিকল্পনা বাংলাদেশের। কিন্তু আশরাফুলের এই পরিকল্পনায় বাংলাদেশ হাঁটবে না বলে বিশ্বাস পাকিস্তানের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৫৮ রান করা সালমান। আর যদি বাংলাদেশ সত্যিই সেটা করে, পাকিস্তান জয়ের জন্য খেলবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো। তারা যথেষ্ট সাহসী হলে আমাদেরকে ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দিক, আমরা অবশ্যই তাড়া করতে নামবো। কিন্তু আমার মনে হয় না তারা সেটা করবে।’
শেষ দিনে ৯৮ ওভার খেলা হওয়ার কথা উল্লেখ করেছেন আশরাফুল। যদিও মিরপুর টেস্টের বাস্তবতা ভিন্ন। প্রথম দিন খেলা হয় ৮৫ ওভার, দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ৭৮.১ ওভার। বৃষ্টি হানার সর্বশেষ দুই দিনে খেলা হয় যথাক্রমে ৫৫.২ ও ৪৮.৪ ওভার। আজ একটু আগে খেলা শুরু হলেও ৯৮ ওভার খেলা হওয়ার নিশ্চয়তা নেই। হলেও আশরাফুলের পরিকল্পনামাফিক আরও ১০০ রান করতে বাংলাদেশকে অন্তত ২৫-৩০ ওভার ব্যাটিং করতে হবে। তেমন হলে পাকিস্তানকে বেশি সময় ব্যাটিং করানো যাবে না। আর দ্রুত রান তোলার পরিকল্পনা হিসেবে ২০ ওভারে ১০০ রান তোলার তাড়া দেখালে যে বিপাকে পড়তে হতে পারে, সেটাও নিশ্চয়ই মাথায় থাকবে বাংলাদেশের।
চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে যারা আছেন