কর্মশালায় অর্থ সচিব

টেকসই সামাজিক নিরাপত্তা সময়ের দাবি

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪৪ এএম

টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তারমতে, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোতে অন্তর্ভুক্তকরণ বিশেষভাবে প্রয়োজন।

গতকাল সোমবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষের সক্ষমতা ও সম্ভাবনা’ শীর্ষক এ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা, যুগ্মসচিব ড. ফেরদৌস আলম, শরীফ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান এবং মহাব্যবস্থাপক ড. মো. আশরাফুজ্জামান।

অর্থ সচিব বলেন ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিমসমূহ প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায় অন্তর্ভুক্ত করা গেলে সুসংগঠিত সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ সব গোষ্ঠীকে অন্তর্ভুক্তির লক্ষ্যে সভা আয়োজনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এ ছাড়া কার্যকর যোগাযোগ কৌশল তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি অর্থ বিভাগের সব সহযোগিতার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত