মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের মাত্র কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসের কাছে তার মালিকানাধীন একটি গলফ ক্লাব থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজনের কাছ থেকে একটি লোডেড পিস্তল, গুলি, রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২ আগস্ট) লস অ্যাঞ্জেলেস কাউন্টির র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব থেকে ৩৮ বছর বয়সী জিনিন জন টায়েলেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ।
পুলিশ জানায়, মঙ্গলবার রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। ওই সফরের নিরাপত্তা প্রস্তুতি চলাকালে টায়েলেকে গলফ ক্লাবের বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। কর্মকর্তাদের ধারণা, তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন।
তল্লাশির সময় তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে গলফ ক্লাবের পার্কিংয়ে রাখা তার গাড়ি থেকে একটি লোডেড পিস্তল, যার চেম্বারেও গুলি ভরা ছিল, এবং আরেকটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এল সেগুন্দো পুলিশ বিভাগ আগে থেকেই একটি পৃথক ডাকাতির মামলায় টায়েলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল।
সোমবার এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স-এর সহযোগিতায় তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার ডাউনি শহরে টায়েলের বাড়িতে তল্লাশি চালান। সেখানে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, আরও একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সংকেত-সংক্রান্ত বিভিন্ন যন্ত্র এবং কর্মকর্তাদের ভাষায় ‘উদ্বেগজনক বক্তব্য’ লেখা কিছু নোটবুক উদ্ধার করা হয়।
তবে শেরিফ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত জনসাধারণের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা তাৎক্ষণিক হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় টায়েলেকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, সে বিষয়ে প্রসিকিউটররা সিদ্ধান্ত নিচ্ছেন।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
