একীভূতকরণ প্রক্রিয়াধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসককে বদলি

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৭ এএম

একীভূতকরণ প্রক্রিয়াধীন থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক সালাহ উদ্দীন ও তার সহযোগী রাশেদুল ইসলামকে হঠাৎ বদলি করেছে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট (এইচআরডি)। সালাহ উদ্দীনের জায়গায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী পরিচালক আবুল বসারকে। নিয়মানুযায়ী, প্রশাসক নিয়োগ ও প্রত্যাহারের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি)। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বছরের নভেম্বরে সালাহ উদ্দীনকে এসআইবিএলের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিআরডি। রাশেদুল ইসলামসহ আরও চার কর্মকর্তাকে তার সহযোগী করা হয়। কোনো কারণ ছাড়াই মাত্র ছয় মাসের মাথায় একজন ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকের নির্দেশে তাদের বদলির অভিযোগ ওঠে।

কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ একীভূত ব্যাংকগুলোর কার্যক্রমের সবকিছু তদারকি করে বিআরডি। তারাই প্রশাসক নিয়োগ ও প্রত্যাহার করতে পারে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগকে না জানিয়েই প্রশাসক বদলি করা হয়েছে। যদিও বলা হচ্ছে, প্রশাসকের ঢাকার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাকে বদলি করা হয়েছে। কিন্তু এখনো এমন অনেক নির্বাহী পরিচালক রয়েছেন, যাদের ঢাকার বাইরে যাওয়ার সময় হলেও এখনো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, মূলত একীভূতকরণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও আইনগত ঝুঁকির মুখে ফেলতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তালিকায় ক্রমিক অনুসারে তিনি এখন বদলি হওয়ার কথা, তাই করা হয়েছে। এখানে আইনে কোনো ব্যত্যয় হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত