স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার তথ্যমন্ত্রীর

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৮ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্ট। এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। সংবাদমাধ্যমটিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এশিয়া পোস্টের জন্মলগ্ন বেশ উৎসবমুখর। আপনারা ডিজিটাল দুনিয়া সম্পর্কে যথেষ্ট সজাগ। এটি প্রমাণ করে, এই মিমিাধ্যমে জাতির জন্য নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন হবে।

অনুষ্ঠানে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার করে তথ্যমন্ত্রী বলেন, সরকার গঠনের আগেই আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটি বাস্তবায়নে সরকার সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে। এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে, যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

মন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহের এ যুগে একদিকে যেমন আশীর্বাদ রয়েছে, অন্যদিকে অপতথ্য প্রচারের ঝুঁকিও বেড়েছে। এ অপতথ্যের কবল থেকে ডিজিটাল পাঠকদের সুরক্ষা নিশ্চিত করাই এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

আরও বক্তব্য রাখেন এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ, অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ প্রমুখ। এর আগে এশিয়া পোস্ট কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, খোন্দকার আবু আশফাক, শহিদুল ইসলাম বাবুল; জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর পক্ষে মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, সৈয়দ জয়নুল আবেদীন; এনসিপির আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, সারজিস আলম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত