পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়ি ও চশমা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুমকি-বাউফল সড়কের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং দুমকি শাখার ইনচার্জ মো. সাইদুর রহমান (৫৫) ও ফিল্ড অফিসার মো. মাঈনুল ইসলাম (৩০)।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাইদুর রহমান জানান, ব্যাংকিং কাজে মোটরসাইকেলে চরবয়ড়া যাওয়ার পথে তালতলী বাজার এলাকায় একটি মাহিন্দ্রাযোগে আসা ৫-৬ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি ও চশমা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলও ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা এসে তাদের হাসপাতালে পাঠায়। অভিযুক্তদের নাম জানা না গেলেও দেখলে শনাক্ত করতে পারবেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলেও জানান আহতরা।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
