জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা বলে অভিযোগ করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার কিছু আঞ্চলিক মিত্র আবারও ইস্যুর মূল বিষয় ঘুরিয়ে দিতে চাইছে এবং সামরিক আগ্রাসন ও অবৈধ অবরোধের বাস্তবতাকে উপেক্ষা করে ইরানকে দায়ী করার চেষ্টা করছে।
গারিবাবাদি এক্সে দেওয়া পোস্টে বলেন, 'নৌচলাচলের স্বাধীনতা' একটি স্বীকৃত আন্তর্জাতিক নীতি হলেও এটিকে রাজনৈতিকভাবে বাছাই করে ব্যাখ্যা করা যায় না। তার মতে, আঞ্চলিক নৌ নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা, অবরোধ ও শক্তি প্রয়োগের হুমকির বিষয় উপেক্ষা করা হলে তা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, কিছু দেশ নিজেদের অবৈধ পদক্ষেপকে আন্তর্জাতিক শৃঙ্খলার নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা উত্তেজনা কমাতে বা নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক নয়। গারিবাবাদি বলেন, যে কোনো প্রস্তাবে যদি আগ্রাসন, অবরোধ ও ইরানের আত্মরক্ষার অধিকার স্বীকার না করা হয়, তা হবে পক্ষপাতদুষ্ট।
ওয়াশিংটন উপসাগরীয় কিছু দেশের সঙ্গে আলোচনা করে সম্প্রতি জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব এগিয়ে নিচ্ছে, যেখানে ইরানকে হরমুজ প্রণালিতে আক্রমণ বন্ধের আহ্বান জানানো হয়েছে এবং না মানলে নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের ইঙ্গিত রয়েছে। ইরান বলছে, তাদের কার্যক্রম প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ ও সামরিক উপস্থিতির জবাব। তাদের মতে, প্রকৃত হুমকি হলো ওয়াশিংটনের সামরিক তৎপরতা ও আঞ্চলিক নীতিতে ইসরায়েলের ভূমিকা।
