চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাঘমারা পুকুর এলাকায় হাইওয়ে পুলিশের সিগন্যালকে কেন্দ্র করে যাত্রীবাহী বাস ও ফল বোঝাই পিকআপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং ঘটনাস্থলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ফল বোঝাই পিকআপকে নাজিরহাট এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের আকস্মিক সিগন্যালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, নাজিরহাট এলাকায় হাইওয়ে পুলিশ নিয়মিত তল্লাশির নামে যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করে এবং হঠাৎ সিগন্যাল দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে যানবাহন থামানোর চেষ্টা করা হচ্ছিল। তার ভাষ্য, পিকআপ চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
