বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শিডিউল অনুযায়ী উন্নত মানের বিট বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নামমাত্র বালু মিশ্রিত সাধারণ মাটি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে বৃষ্টির পানিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর বাজার থেকে ৩ হাজার ৮ মিটার থেকে ৬ হাজার ৩২০ মিটার পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ পায় রাজশাহীর বোয়ালিয়া ঘোড়ামারা সাহেব বাজার এলাকার ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ কোটি ৯৮ লক্ষ ৩১ হাজার ৬৮৬ টাকা প্রাক্কলিত মূল্যের এই কাজটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৮ লক্ষ ৪৮ হাজার ৫১৭ টাকা। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে কার্যাদেশ পাওয়া এই কাজটি শেষ হওয়ার কথা ৮ সেপ্টেম্বর ২০২৬ সালে। তবে কাজটির সময় বাকি থাকতেই শুরুতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজ শুরু হলেও সেখানে বালুর পরিবর্তে নামমাত্র বালু মিশ্রিত মাটি ব্যবহার করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি কিনে নিয়ে পরিচালনা করছেন বগুড়ার শিবগঞ্জ এলাকার শফিক নামের এক ব্যক্তি। কাজের মান নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও তিনি তা আমলে নেননি।
এ বিষয়ে বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে, ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মুঠোফোনে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান, রায়হান, সোবাহান ও আব্দুল বাকী বলেন, রাস্তায় বালু দেওয়ার কথা থাকলেও তারা মাটি দিচ্ছে। এই মাটির কারণে বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, গাড়ি কাদার মধ্যে আটকে যায়। আমরা চাই সঠিক নিয়মে কাজ হোক। নিম্নমানের কাজ করলে আমরা এলাকাবাসী কোনোভাবেই কাজ করতে দেব না।
এ বিষয়ে শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজের সঠিক মান বজায় রাখা আমাদের অগ্রাধিকার। শিডিউল অনুযায়ী কাজ না করলে এবং কাজের মান খারাপ হলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না এবং কাজ করতে দেওয়া হবে না।
বর্তমানে সড়কটির কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী দ্রুত শিডিউল মোতাবেক মানসম্মত বালু ব্যবহার করে রাস্তাটির কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি