দীর্ঘ ৯ বছর পর তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার তালিকায় ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন সংকটও বিশেষ গুরুত্ব পাবে। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্পের এ সফরের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে চীনকে সরাসরি যুক্ত করা এবং ইরানের ওপর বেইজিংয়ের প্রভাব খাটিয়ে একটি স্থায়ী শান্তিতে পৌঁছানো। ট্রাম্প মনে করেন, চীন যদি ইরান থেকে জ্বালানি তেল কেনা ও অন্যান্য বাণিজ্যিক সহযোগিতা কমিয়ে দেয়, তবে তেহরান মার্কিন শান্তি প্রস্তাব মানতে বাধ্য হবে। বিবিসি।
