মাঠের পারফরম্যান্সে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে এবার বড়সড় পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে সেরা ক্রিকেটারদের বাইক উপহার দেওয়ার পর এবার পুরস্কারের তালিকায় যুক্ত হচ্ছে বিলাসবহুল গাড়ি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (সেরা খেলোয়াড়) পাবেন একটি চেরি ব্র্যান্ডের গাড়ি।
মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ও জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড চেরির মধ্যে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। সবশেষ ২০ বছর আগে বিসিবি থেকে কোনো ক্রিকেটারকে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়া হয়েছিল। সেই স্মৃতিচারণা করে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। সর্বশেষ এ রকম দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি ২০০৫ সালে। আমার ভাই (নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি সময় পর আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’
