চট্টগ্রামে গুলি করে যুবক হত্যা ও শিশু আহতের ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৪৬ এএম

চট্টগ্রামে গুলি করে এক যুবককে হত্যা এবং গুলিতে রেশমি (১১) নামে এক শিশু আহতের ঘটনার প্রধান আসামিসহ ছয়জনকে গত সোমবার রাতে নগরের বিভিন্ন জায়গা থকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকা-ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ শিশু রেশমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন সৈয়দুল করিম (২৭), মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুচ মিয়া (২৪) মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

সিএমপি উত্তর জোনের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘বায়েজিদে হত্যাকা-ের ঘটনায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

গত ৭ মে রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে গুলিবিদ্ধ হয় রেশমি। একই ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হন। পাঁচ-ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজুকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় রেশমি। এ ঘটনায় ৯ মে নিহত হাসানের মা সখিনা বেগম (৬৩) বায়েজিদ থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে সৈয়দুল করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকা-ে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এ ছাড়া আসামিদের বহনকারী একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে ওই সিএনজিচালক আব্দুল মান্নানকে একইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডবলমুরিং থানা এলাকা থেকে, ইউনুচ মিয়া ও আলী আদনানকে রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে, আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলীকে সোমবার রাত ১টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত