গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি হওয়ায় নিজ জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের মা ও বিধবা নারী নমিতা বিশ্বাস। পরে খবর পেয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওই বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী।
বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের বিধবা নারী নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে দেন তিনি। আগামী এক সপ্তাহ অসহায় মানুষের ধান কাটা চলবে বলে জানাগেছে।
বিধবা নারী নমিতা বিশ্বাস বলেন, আমার তিন কন্যা সন্তান আর স্বামীও মারা গেছেন। শ্রমিকের মূল্য দিনপ্রতি ১২০০ টাকা। টাকা না থাকায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। তখন এমপি এস. এম জিলানী সাহেব লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে।
সাংসদ এস. এম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ ধান কাটতে মানুষের পাশে দাঁড়াবো।
ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার