গোপালগঞ্জে এক সপ্তাহে অন্তত ১২৬ আ.লীগ নেতার পদত্যাগ 

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে গত এক সপ্তাহে দলটির ও এর সহযোগী সংগঠনের নেতাদের ধারাবাহিক পদত্যাগ নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তত ১২৬ জন নেতা দলীয় পদ, সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সবচেয়ে বেশি পদত্যাগের ঘটনা ঘটেছে মুকসুদপুর উপজেলায়। ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে মোট ১০৮ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

সোমবার (৩ আগস্ট) গোবিন্দপুর ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ জন নেতা দলীয় পদত্যাগের ঘোষণা দেন। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউর রহমান কবির মুন্সী। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় তারা স্বেচ্ছায় দলীয় সব পদ-পদবি, সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন না বলেও জানান তিনি। 

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুদারা কাজী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সাহিদুল ইসলাম সাধু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতা।

এর আগের দিন, রোববার (২ আগস্ট), মুকসুদপুর পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৬৭ জন নেতা পৃথক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। তাদের মধ্যে ছিলেন পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, উপজেলা কৃষক লীগের সদস্যসচিব জাকির সরদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আনিচুর রহমান বিশ্বাস, কাশেম শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এরও আগে, ১ আগস্ট মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নে আওয়ামী লীগ ও কৃষক লীগের ১৬ জন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। একই দিনে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাও পৃথক সংবাদ সম্মেলনে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সব মিলিয়ে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অন্তত ১২৬ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারী নেতারা তাদের লিখিত বক্তব্যে বলেন, রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তারা স্বেচ্ছায় দলীয় পদ-পদবি, সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ ত্যাগ করছেন। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবেন না বলেও তারা ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত