মৃত্যঞ্জয়ের পাঁচের পর ৬ উইকেট, আলিসের হ্যাটট্রিক

আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে বল হাতে তাণ্ডব চালিয়েছেন আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। আলিসের হ্যাটট্রিক এবং মৃত্যুঞ্জয়ের টানা দ্বিতীয়বারের মতো পাঁচ প্লাস উইকেট শিকারে জয় পেয়েছে তাদের নিজ নিজ দল। লিগের এই পর্যায় শেষে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

চতুর্থ রাউন্ডের খেলার বিস্তারিত সংবাদ নিচে তুলে ধরা হলো

আলিসের হ্যাটট্রিকে প্রাইম ব্যাংকের বড় জয়

ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনের ৮৮ বলে ৭১ এবং আজিজুল হাকিমের ১০৭ বলে ৭৮ রানের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৩০০ রান পার করে দলটি। শেষ দিকে শামীম হোসেনের অপরাজিত ৫১ এবং আবু হায়দারের মাত্র ১৭ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পায় প্রাইম ব্যাংক।

রান তাড়া করতে নামা গাজী গ্রুপকে একাই ধসিয়ে দেন আলিস আল ইসলাম। তিনি ৯.২ ওভারে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। ইনিংসের ২২তম ওভারের শেষ দুই বলে উইকেট নেওয়ার পর নিজের পরের ওভারের প্রথম বলে আরও এক উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি চলতি আসরে প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়।

মৃত্যুঞ্জয়ের পেস তোপে মোহামেডানের সহজ জয়

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর দারুণ বোলিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১০ উইকেটে পরাজিত করেছে মোহামেডান। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মৃত্যুঞ্জয় আজ ৭.৫ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৬ উইকেট দখল করেন। তার তোপে পড়ে বসুন্ধরা মাত্র ৮০ রানেই গুটিয়ে যায়। জবাবে ওপেনার এনামুল হক বিজয়ের ২৮ বলে ৫০ এবং মোহাম্মদ নাঈমের ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

মাহফুজের ৫ উইকেটে আবাহনীর দাপট

বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমানের দুর্দান্ত ৫ উইকেটের সুবাদে রূপগঞ্জ টাইগার্স মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে সৌম্য সরকারের ৬৫ এবং জাকের আলীর অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভর করে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যান্য ম্যাচের ফল

  • অগ্রণী ব্যাংকের জয়: ওপেনার মাহফিজুল ইসলামের ১৩৮ বলে ১২৭ রানের অনবদ্য সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে ৭৭ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

  • ঢাকা লেপার্ডের জয়: গুলশান ক্রিকেট ক্লাবের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৈকত আলীর ৯০ বলে ৮৮ রানের ঝকঝকে ইনিংসে ৬ উইকেটের জয় পায় ঢাকা লেপার্ড।

  • সিটি ক্লাবের জয়: ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে জয়ী হয়েছে সিটি ক্লাব। ব্রাদার্সের গোলাম কিবরিয়া ৫ উইকেট নিলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত সিটি ক্লাবকেই জয়ী ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত