এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরা সূচনা করেছি, আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো যখন ব্যর্থ হবে আমরা তখন লাল কার্ড দেখাবো।
বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনসিপির এ নেতা আরও বললেন, সরকার থেকে অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেখানে কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিয়নভিত্তিক গুদামঘর চালু করতে হবে।
চলমান কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি শর্তের বেড়াজালে পড়ে কৃষকরা সঠিক সময়ে ও সঠিক দামে ধান বিক্রি করতে পারছে না, যার ওপর অসময়ের বৃষ্টি মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, নির্বাচনের আগে এই সরকার ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই এত বড় বড় জাতীয় ইস্যু গেলেও তাদের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিবাদ দেখা যায়নি।
সেমিনারে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে কৃষকদের ধান সরাসরি মাঠ থেকে কেনা এবং ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অন্যথায় বড় ধরণের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সেমিনার থেকে জানানো হয়।
